
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জালাল তার গরুকে খাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন, কেউ তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছে। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি প্রতিবেশী শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। এর জেরে বিকেলে জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল। এসময় জালালকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল। আহত হন প্রতিবেশী ইদ্রিছসহ তার তিন ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ইদ্রিছের অবস্থা আশঙ্কাজনক।’
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’