
কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় আবাসিক হোটেল ঝিলিক থেকে এক নারী পর্যটক অজান্তা বেগম নামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার দুপুরের দিকে রুম চেক আউটের জন্য হোটেল কর্তৃপক্ষ ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ওই নারী পর্যটককে ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ও হোটেল সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম নামের দুই পর্যটক হোটেল ঝিলিকের ২০৪ নম্বর রুম ভাড়া নেয়। শুক্রবার দিনভর তারা হোটেল অবস্থানসহ বাইরে এবং সৈকতে ঘোরাঘুরি করে। স্বামী পরিচয় দেয়া সুজন পটুয়াখালীর বাউফল সদরের রফেজ সিকদার ও আমেনা বেগমের ছেলে বলে হোটেলের রেজিস্ট্রিতে উল্লেখ আছে।
আবাসিক হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, শনিবার বেলা ১২টার দিকে হোটেল চেক আউটের সময় হলে তাদের ফোন দেয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলে কোনো শব্দ পাওয়া যায়নি। রুমের ভিতর থেকে তালা লাগানো থাকায় সাথে সাথে পুলিশকে খবর দেই। মহিপুর থানা পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় নারী পর্যটক অজান্তার মরদেহ নামায়।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঝুলন্ত অবস্থায় থাকা ওই নারী পর্যটকের লাশ উদ্ধার করেছি। তবে স্বামী পরিচয় দেয়া সুজনকে পাওয়া যায়নি। ওই রুম থেকে আলামত হিসাবে একটি স্মার্ট ফোন, একটি জামা-কাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। হোটেলে রেজিস্ট্রিকৃত নাম-পরিচয় নিয়ে আমরা তাদের সনাক্তের চেষ্টা করছি এবং আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।