
কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলের প্রতিযোগীতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে মামাতো ও খালাতো ভাই। এ ঘটনায় নিহতদের বন্ধু অপর মোটরসাইকেল আরোহী রাসেল (২০) এবং নছিমন যাত্রী মহিন (৫৫) আহত হন।
শনিবার রাতে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সাব্বির (২০) কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র ছিলেন। তিনি শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অপর নিহত আসলাম (২১) শোমসপুর আবুতালেব ডিগি কলেজের ছাত্র ছিলেন। তিনিও একই গ্রামের আলী আজমের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্র আসিফ জানায়, রাতে দুইটি মোটরসাইকেল একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে শোমসপুর রেল ষ্টেশনের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেল দুটির ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতদের আত্মীয় আনিচুর রহমান ফজলু জানায়, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যান।
খোকসা থানার এএসআই আজিজ বলেন, ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল তারা পেয়েছেন। সেটি স্থানীয় মাদরাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কেউ মামলা দেয়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশিদ জানান, যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।