
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল খেলায় শালমারা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে বৈশাখী বাজার একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রোববার (১৮ ডিসেম্বর) শালমারা মাঠে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ আয়োজিত এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ইউপি সদস্য ও সদস্যা এবং স্থানীয় গণ্যমান্যসহ অসংখ্য দর্শক ফুটবল খেলা উপভোগ করেন। খেলা শেষে ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি এলইডি টেলিভিশন উপহার দেন চেয়ারম্যান নিয়ামুল কাউসার।
এর আগে এ টূর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিয়ে সবশেষ ফাইনালে শালমারা একাদশ বনাম বৈশাখী বাজার একাদশ ফাইনালে ওঠে। ফাইনাল খেলার মোট ৫০ মিনিটে দু’দলই গোলশুণ্য হয়। পরে আরও ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও গোলশুন্য থাকে দু’দলই। পরবর্তীতে ৫টি করে ট্রাইবেকার সম্পন্ন হলে ০৪-০৫ গোলে শালমারা একাদশকে হারিয়ে বৈশাখী বাজার একাদশ চ্যাম্পিয়ন হয়।

কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার জানান, সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে তরুণদের খেলাধূলায় মনযোগী করাই তার উদ্দেশ্য। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও তিনি বিভিন্ন সময় ব্যক্তিগত উদোগে ফুটবল টূর্ণামেন্টের আয়োজন করে গেছেন বলে জানান।