
দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীর ঐতিহাসিক কাটাখালি ব্রীজ সংলগ্ন শহীদ নাজমুল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক সাহেলা আক্তার এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম ওয়ারেছ নাঈম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রকৌশলী নাহিদ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ জুলাই কাটাখাীল ব্রীজ এর সফল অপারেশন শেষে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নালিতাবাড়ীর সন্তান নাজমুল আহসান, আলী হোসেন ও মোফাজ্জল হোসেনসহ ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযুদ্ধের ওই স্মৃতি ধরে রাখতে স্বাধীনতার ৪৮ বছর পর স্থানটি সংরক্ষণে সংস্কার কাজ শুরু করে জেলা প্রশাসন।
স্বাধীনতা অর্জনের পর শহীদ নাজমুল আহসানের নামে ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে একটি হল, নালিতাবাড়ীতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এর মধ্যদিয়ে ‘অপারেশন কাটাখালি’ ও রাঙ্গামাটিয়া যুদ্ধের সরকারি স্বীকৃতি মিলেছে। ইতোমধ্যে রাঙ্গামাটিয়া গ্রামের তিন নারীকেও সরকার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে।