
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির নগদ অর্থ, ২০টি বাইসাইকেল ও অসচ্ছল পরিবারের মাঝে ৪০টি তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান রাখাইন শিক্ষার্থী ও পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (রাখাইনদের) এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ওসি মো. জসিম, বৌদ্ধ-কৃষ্টি প্রচারসংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার সভাপতি নিউ নিউ খেইন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক স্তরের ৮০ জন আদিবাসী রাখাইন শিক্ষার্থী বছরে পাবে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী পাবে বছরে ৬ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী পাবে বছরে ৯ হাজার ৬০০ টাকা। এছাড়াও ৪০ পরিবারের জন্য চায়না তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।