
কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় চুরির অভিযোগে মোজাম্মেল হোসেন সুমন (২৩) নামে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকালে চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত মোজাম্মেল হোসেন সুমন পার্শ্ববর্তী বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ জানুয়ারি) দিনগত রাত পৌঁনে ৩টায় সাতবাড়িয়া গ্রামের দোতলা মসজিদ সংলগ্ন আবু সাঈদের মুদি দোকানে টিনের চালা খুলে চোর ঢোকে। এ সময় পার্শ্ববর্তী বাড়ির রফিক টের পেয়ে দোকানি সাঈদকে ফোন করে বিষয়টি জানায়। পরে স্থানীয় কয়েকজন যুবক এসে ধাওয়া করে দোকানের ভিতর থেকে মোজাম্মেল হোসেন সুমনকে আটক করে গণপিটুনি দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা গার্মেন্টস কর্মী মিলি বেগম বলেন, ‘আমার ছেলে স্ত্রী নিয়ে চট্টগ্রামে থাকে। শনিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম থেকে বাড়িতে আসার কথা ছিল। রোববার (৮ জানুয়ারি) সকালে জানতে পারি সাতবাড়িয়া গ্রামে আমার ছেলেকে মেরে ফেলে রেখেছে।’
তিনি দাবি করেন, ‘আমার ছেলে কখনও চুরি, ডাকাতি করেনি। তার ব্যাপারে কেউ কোনো দিন অভিযোগও দেয়নি। তারা কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’
কেরণখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া জানান, চুরির সময় তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকাবাসীর ধাওয়া খেয়ে অপর এক চোর পালিয়েও যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘প্রাথমিক তদন্তে চুরির সত্যতা পেয়েছি। গণপিটুনিতে চোর সন্দেহে সুমন নামের ওই ছেলেটিকে হত্যা করাও সঠিক। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করছেন।’