
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ এম সোহায়েল বলেন, ২০২৩ সাল হবে পায়রা বন্দরের জন্য ইয়্যার অব দ্য পায়রা বন্দর। নতুন এ বছরের মে মাসে পায়রাবন্দরে স্থাপিত ফার্স্ট টার্মিনালে পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার মাদার ভেসেল সরাসরি টার্মিনালে নোঙর করে পন্য খালাস করবে। দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর হবে এটি, দেশের অর্থনীতিতে রাজস্ব আয় হবে হাজার কোটি টাকা, পাল্টে যাবে দেশের অর্থনীতি, ভাগ্যের চাকা ঘুরবে দক্ষিণাঞ্চলের মানুষের তথা সমগ্র বাংলাদেশের মানুষের।
রবিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ এম সোহায়েল এসব কথা বলেন।
এসময় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আপাভ বলেন,’ এখানে অচিরেই গড়ে উঠবে জাহাজ নির্মাণ শিল্প, ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্লান্টসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ২০২২ সালে ১২২টি মাদার ভেসেলসহ প্রায় এক হাজার জাহাজ পন্য খালাস ও পন্য পরিবহনে নিয়োজিত ছিল, আয় হয়েছে ৩০০ কোটি টাকা। বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং শেষ হলে মংলা ও চট্টগ্রাম বন্দরের চেয়ে পন্য খালাস ও পরিবহনে দক্ষিণ এশিয়ায় দৃষ্টান্ত স্থাপন করবে পায়রা বন্দর। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারন সম্পাদক মহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমূখ।এসময় কলাপাড়া, কুয়াকাটার কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ এম সোহায়েল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমানকে সাথে নিয়ে সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে এসে পৌছলে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে প্রেসক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান সহ প্রেসক্লাবের লোগো সম্বলিত কোট পিন ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। ফুলেল শুভেচ্ছা সিক্ত হয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বন্দর। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে সমুদ্র সম্পদ ও সমুদ্রকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী সেটিকে বাস্তবে রূপ দিয়েছেন। গনমাধ্যমকর্মীদের লেখনীর কারণে বিশ্বের অনেক উন্নত দেশ আজ এ বন্দরে বিনিয়োগে উৎসাহ প্রকাশ করছে। আগামী দিনে পায়রা বন্দর আরো এগিয়ে যাবে সংবাদকর্মীদের সহযোগিতায়।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সাথে কোরাস সংগীত পরিবেশনে অংশ নেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ এম সোহায়েল।