
নালিতাবাড়ী (শেরপুর) : নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক নালিতাবাড়ী ও কলসপাড় ইউনিয়ন শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) পৃথক কার্যালয়ে পৃথকভাবে গ্রামীণ ব্যাংক এর সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশনামতে, সারাদেশের অন্যান্য ব্রাঞ্চের মতো এ দুটি শাখায় কম্বল বিতরণকালে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রাশিদুর রহমান, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, নালিতাবাড়ী শাখা ব্যবস্থাপক শামীম আহমেদ, কলসপাড় শাখা ব্যবস্থাপক চাঁন মিয়াসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দেশব্যাপী গ্রামীণ ব্যাংক এর প্রতিটি শাখার অন্তর্ভুক্ত সংগ্রামী (ভিক্ষুক) সদস্য রয়েছে। এসব সদস্যের কল্যাণে গ্রামীণ ব্যাংক বিভিন্ন সময় নানা পদক্ষেপ হাতে নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় শীতের দুর্ভোগ লাঘবে ওইসব সদস্যের মাঝে গ্রামীণ ব্যাংক এর নিজস্ব অর্থায়নে একটি করে কম্বল বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়।