
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে সূজি তৈরি করায় কারখানার মালিক মাহফুজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে পৌরসভার জালালপুর এলাকার মৃত সিরাজ আলীর পুত্র।
বৃহস্পতিবার (১২জানুয়ারী) বিকেলে পৌরসভার মাউড়া এলাকায় ফাইন সূজি কারখানায় ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মাউড়া এলাকায় দীর্ঘদিন যাবত ফাইন সূজি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সুজি তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানার মালিক মাহফুজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সূজি তৈরি করে বাজারজাত করায় ফাইন সূজি কারখানার মালিক মাহফুজুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।