
শেরপুর : শেরপুর সদরে মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটি উদ্বোধন করেন।
এর আগে, উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজীনগন্ধায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত হন। উদ্বোধনের পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, গণপূর্ত বিভাগের প্রকৌশলী জিল্লুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের তথ্যমতে, ২০১৯ সালের মাঝামাঝি সময়ে সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণকাজ শুরু হলে প্রায় তিন বছরে শেষ হয়। আধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা রয়েছে এ মসজিদে। এরমধ্যে নারী ও পুরুষ মুসল্লীদের জন্য আলাদা নামায আদায়ের স্থান, হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্ণার, দাফনের আগে আনুষ্ঠানিকতা ও হেফজখানাসহ ১৪ ধরণের সুবিধা রয়েছে মসজিদটিতে।