
নালিতাবাড়ী (শেরপুর) : এজাহারনামীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাসহ মোট ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও প্রায় ১৮ জনকে।
শেরপুরের নালিতাবাড়ী থানায় দায়েরকৃত ওই মামলায় সোমবার (১৬ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপি ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের এজাহারনামীয় ১২জনসহ মোট ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।
মামলায় উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, শহর যুবদলের আহবায়ক আলী আকবর চান্দু, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (চিকন)সহ মোট ১২ নেতাকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৮ জনের মতো নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
এরমধ্যে রোববার রাতে এবং সোমবার সকালে শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।