
শেরপুর: শেরপুরের অবৈধ ১৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৬টি ইট ভাটায় ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযানকালে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আরএইচ ব্রিকস-১ কে তিন লাখ, আরএইচ ব্রিকস-২ কে পাঁচ লাখ, একেবি ব্রিকস’কে তিন লাখ, জিহান ব্রিকস’কে তিন লাখ, সাউদা ব্রিকস’কে পাঁচ লাখ, সততা ব্রিকস-১’কে তিন লাখ, সততা ব্রিকস-২ কে দুই লাখ, মদিনা ব্রিকস’কে দুই লাখ, লিটন ব্রিকস’কে দুই লাখ, আরএসবি ব্রিকস’কে এক লাখ ছাড়াও মুন ব্রিকস, এএইচ-২৩ ব্রিকস, আশিকা ব্রিকস, এইচ এ বি ব্রিকস, ইউএনবি ব্রিকস ও এ এম বি’কে দুই লাখ করে মোট ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদফতর।
ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ জানান, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। ওই সব ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।