
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) দশম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই কিশোর।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা এলাকায় এ ঘটনা ঘটে। লিখন উপজেলার জালালপুর এলাকার শহিদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, সকালে বন্ধুদের নিয়ে লিখন ভটভটিযোগে কবুতরমাড়ি এলাকায় বেড়াতে যায়। ফেরার পথে বাউসা এলাকায় এলে ভটভটি উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়। এসময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় লিখন। আহত হয় জালালপুর এলাকার জাহিদ (১৬) ও অনিক (১৬) নামে আরও দুই কিশোর। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।