
ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ট্রাকচালকের সহকারী। তার বিস্তারিত পরিচয় মেলেনি। এছাড়া অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই বিকল ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ও ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ট্রাক দুটি জব্দ করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।