
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত সোহাগপুর বিধবাপল্লীর শহীদ জায়া ও বীরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিধবাল্লীতে ট্রাক, মিনিট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আয়োজনে এসব বিতরণ করা হয়।
ট্রাক, মিনিট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকারের উদ্যোগে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার। এছাড়াও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগরসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নালিতাবাড়ী ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সদস্য আনোয়ারুল মঞ্জিল। অনুষ্ঠানের শুরুতে পুলিশ এবং ট্রাক, মিনিট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা শেষে ৩২জন শহীদ জায়া ও বীরাঙ্গনার মাঝে একটি করে শাল চাদর এবং চাল, ডাল, লবন, তেলসহ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।