
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে তক্ষকসহ তিন অবৈধ কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নালিতাবাড়ীর সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের মনির হোসেন (২৭), শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোশারফ হোসেন (২৬) ও সদর উপজেলার মুন্সিরচর গ্রামের সাইফুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, শেকেরকুড়া গ্রামের মৃত ইসহাকের ছেলে আবদুল মালেকের বাড়িতে মূল্যবান বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচার উদ্দেশ্যে তিন ব্যক্তি একত্রিত হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় মনির হোসেন, মোশারফ হোসেন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তক্ষক উদ্ধার করা হয়।