
নালিতাবাড়ী (শেরপুর) : নানা আয়োজনের মধ্যদিয়ে শিশু ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। পৌর শহরের সেঁজুতি বিদ্যা নিকেতনে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) র্যালী, আলোচনা সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ফাগুনের প্রথম দিন উৎসবে রঙিন’ এ শ্লোগানকে সামনে রেখে সকালে ফুল দিয়ে শিশুদের বরণ করে নেওয়া হয়। পরে শিশু ও বসন্তবরণ উৎসব উপলক্ষে সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনীরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, অরণি প্রগ্রেসিভ স্কুলের প্রধান শিক্ষক নাজনীন হক প্রমুখ।
পরে বাঙালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশীয় প্রায় ৩০ রকমের পিঠা পরিবেশন করে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।