
শেরপুর : শেরপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলপড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে বিল্লাল মিয়া (২৫) নামে এক প্রতিবেশী চাচার বিরুদ্ধে। ওই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত বিল্লাল সদর উপজেলার চরশেরপুর পশ্চিম দড়িপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পিতৃহারা ওই কিশোরী একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরীর বাবা মারা গেছেন। তার মা চরশেরপুর ইউনিয়নের সরকারি মাটি কাটার প্রকল্পে কাজ করে অতিকষ্টে জীবন-যাপন করেন। ওই কিশোরী স্থানীয় বিদ্যালয়ে পড়তে যাওয়ার সময় রাস্তায় তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো প্রতিবেশি চাচা বিল্লাল মিয়া। একপর্যায়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে নানা জায়গায় ঘুরাফেরা করে বিল্লাল। গত ৮ ফেব্রুয়ারি কিশোরীর মা কাজের জন্য বাইরে থাকার সুযোগে বিল্লাল ওই কিশোরীর ঘরে প্রবেশ করে শারীরিক সম্পর্কের চেষ্টা চালায়। এতে ওই কিশোরী বাধা দিলে জোরপূর্বক তার হাত-পা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে যায় বিল্লাল। পরে কিশোরীর মা কাজ শেষে বাড়িতে এলে ঘটনা খুলে বলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, অভিযোগ পাওয়ার পর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করতে অভিযান চলছে।