মোঃ সাগর আলী, নীলফামারী : নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলায় বিস্তৃত ১২১৭ একর আয়তনের বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বুড়িতিস্তা জলাধার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তবিবুল ইসলাম, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ ওয়াহেদ বাহাদুর, ডিমলার উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
১২১৭ একর জলাধারের মধ্যে ১ম ধাপে ৬৬৭ একর জলাধার পুনঃখনন করা হবে। জলাধারের পানি ব্যবহার করে ৫৫০০ একর (২২৩২ হেক্টর) জমিতে আমন ও বোরো মৌসুমে কৃষককে নিরবিচ্ছিন্ন ভাবে সেচের পানি সরবরাহ করা হবে। এর ফলে প্রতি বছর প্রায় ২৬ হাজার মেট্রিক টন ফসল উৎপাদিত হবে যার বাজার মূল্য প্রায় ৭২ কোটি টাকা। ভূপরিস্থ উর্বর পানি গ্রাভিটি ইরিগেশন পদ্ধতিতে ব্যবহার হওয়ায় প্রতি বছর অতিরিক্ত ফসল উৎপাদন বাবদ ১২ কোটি টাকা, জ্বালানি বাবদ ২.২০ কোটি টাকা এবং সার বাবদ প্রায় ১.৩০ কোটিসহ প্রতি বছর প্রায় ১৫.৫০ কোটি টাকা সাশ্রয় হবে।