1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করিনি: আজমত উল্লা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ মে, ২০২৩

ঢাকা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান।

রোববার (৭ মে) বিকেলে নির্বাচন কমিশনের তলবে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

এর আগে শুনানিতে তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে আচরণবিধি ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এ প্রতিশ্রুতি শুরু আজকে না, এটা আছে এবং থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুনানিতে উপস্থিত ছিলেন। আজমত উল্লা খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সেই ব্যাখ্যা দিতে গত ৩০ এপ্রিল কমিশন তলব করেছিল।

শুনানি শেষে আজমত উল্লা খান সাংবাদিকদের বলেন, আমাকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল, আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। একজন প্রার্থী হিসেবে শুধু নয়, দেশের নাগরিক হিসেবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। নির্বাচনী আচরণবিধি যেটা রয়েছে, এটা আমার কমিটমেন্ট, যে এ আচরণবিধি সম্পূর্ণ মেনে চলবো। আমরা বক্তব্য ওনারা নিয়েছেন। তারপর যে সিদ্ধান্ত আসবে তা মাথা পেতে নেবো। আমি আমার অবস্থান তুলে ধরেছি। রেজাল্ট আসুক, তারপর আপনারা জানবেন।

মন্ত্রীরা আপনারা পক্ষে ভোট চাচ্ছেন- এমন বিষয় সামনে আনলে আজমত উল্লা খান বলেন, আমি আমার অবস্থানটা তুলে ধরেছি। যে সভা ওনারা করেছেন, সেটা হয়তো অজ্ঞতার কারণে হতে পারে। হতে পারে যে এটা যেহেতু সিটি করপোরেশনের বাইরে…। যাই হোক আমার অবস্থান সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

‘ভুলে হয়েছে কি না, যে ধারাগুলোর কথা আপনারা বলছেন, ৭, ১১, ৫ ধারার যে কথাটা, যেহেতু মন্ত্রী সাহেব সভায় গেছেন সেটা ওনাকে যদি ডাকা হয়, ওনার ব্যাখ্যা উনি দেবেন। কিন্তু আমার জ্ঞাতসারে আমি নির্বাচনী বিধিমালার কোনো লঙ্ঘন করিনি। আমি স্পষ্টভাবে কমিশনে বলেছি এবং ভবিষ্যতেও যে কোনো আচরণবিধি ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এ প্রতিশ্রুতি শুরু আজকে না, এটা আছে এবং থাকবে।’ বলেন আজমত উল্লা খান।

মিছিলসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দিস ইজ নট কারেক্ট। মিছিল নিয়ে, এটা ঠিক নয়। আপনার কি দেখাতে পারবেন কোনো মিছিল নিয়ে গিয়েছি? এনি স্লোগান ওয়াজ রেইজড? আপনাদের বুঝতে হবে আমি পাঁচজন নিয়ে গিয়েছি। আপনারাই সেখানে ছিলেন কমপক্ষে দেড়শ জন এবং সেদিন শুধু আমার মনোনয়নপত্রই জমা ছিল না, সেদিন কিন্তু কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা ছিল। যে গেটটা ছিল, সেই গেটে আমি পাঁচজন নিয়ে ঢুকেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com