1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাবিতে নারী ধর্ষণ, মূল পরিকল্পনাকারী মামুনসহ দুইজনের দায় স্বীকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশারফ হোসেন হলের পাশে জঙ্গলে বহিরাগত এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুন ও তার সহযোগী মো. মুরাদ হোসেন ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আসামিদের স্বীকারোক্তি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল সময়ের আলোকে জানান, দুই আসামি ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আসামি মামুন তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। পরে আদালত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামুন স্বীকারোক্তিতে বলেছেন, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের ইচ্ছাতেই ধর্ষণের পরিকল্পনা সাজান মামুন নিজে।
মামুনের জবানবন্দি
মামুন আদালতকে জানান, তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামে।
মামুন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আদালতকে বলেন, তিনি সাভার, আশুলিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। মামুনের সঙ্গে ধর্ষিতা ওই নারীর স্বামীর একই এলাকায় বসবাসের কারণে গত তিন থেকে চার বছর আগে তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে মামুন মাঝে মাঝে ওই নারীর স্বামীর মাধ্যমেও বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করতেন। কিছুদিন আগেও মামুনের থাকার জায়গার সমস্যা সৃষ্টি হলে ওই নারীর স্বামীকে ফোন দিয়ে কিছুদিনের জন্য তাদের বাসায় অবস্থান করবেন বলে জানান। পরবর্তী সময়ে মামুন ওই নারীর ভাড়া বাসায় সাবলেট হিসেবে প্রায় তিন থেকে চার মাস অবস্থান করায় পরিবারটির সঙ্গে তার সখ্য তৈরি হয়।
তিনি জানান, জাবির ঘটনার আগে ছাত্রলীগ নেতা মোস্তাফিজের সঙ্গেও মাদক ব্যবসা নিয়ে ভালো সম্পর্ক। সেই সুবাদে মামুনের কাছে নারীকে ভোগের ইচ্ছা পোষণ করেন মোস্তাফিজ। মোস্তাফিজের  ইচ্ছা পূরণ করার জন্য মামুন গত ৩ ফেব্রুয়ারি বিকেলে ওই নারীর স্বামীকে ফোন দিয়ে জানান, মোস্তাফিজুর রহমান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ের হলে তার থাকার ব্যবস্থা করেছেন। তাই তিনি এখন থেকে বিশ্ববিদ্যালয় হলে থাকবেন। তাই মামুন ওই নারীর স্বামীকে মোস্তাফিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে দেখা করতে বলেন। ওই নারীর স্বামী মামুনের কথামতো ওই দিন সন্ধ্যার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে দেখা করেন। পরবর্তী সময়ে মামুন ওই নারীর স্বামীকে তার অন্যতম সহযোগী মোস্তাফিজ, মুরাদ, সাব্বির, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
মামুন কৌশলে ওই নারীর স্বামীকে তাদের বাসায় থাকাকালীন ব্যবহৃত কাপড় আনতে স্ত্রীকে ফোন দিতে বলেন। পরবর্তী সময়ে ওই নারীর স্বামী তার স্ত্রীকে ফোন করে মামুনের ব্যবহৃত কাপড়গুলো একটি ব্যাগে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নিয়ে আসতে বলেন। ৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ওই নারী তার স্বামীর কথামতো মামুনের ব্যবহৃত কাপড়গুলো একটি ব্যাগে করে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে আসেন।
ওই সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী মামুন ও মামলার এক নম্বর আসামি মোস্তাফিজ কৌশলে মুরাদকে ওই নারীর স্বামী ও মামুনের ব্যবহৃত কাপড়ের ব্যাগসহ হলের কক্ষে যেতে বলেন। পরে মুরাদ ওই নারীর স্বামীকে নিয়ে হলের কক্ষে অবস্থান করেন। ওই সময় মামুন ও মোস্তাফিজ ওই নারীকে কৌশলে হলের পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং তাকে ভয়ভীতি দেখিয়ে বাসায় চলে যেতে বলেন।
মামুন ও মোস্তাফিজ বিশ্ববিদ্যালয়ের হলের কক্ষে গিয়ে ওই নারীর স্বামীকে বাসায় চলে যেতে বলেন। পরবর্তী সময়ে স্বামী ওই নারীর কাছ থেকে ধর্ষণের ঘটনা জানতে পেরে থানায় গিয়ে মামলা করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ছড়িয়ে পড়লে মামুন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীর ফার্মগেট এলাকায় আত্মগোপন করেন। পরে গ্রেফতার হন।
মুরাদের জবানবন্দি
মুরাদ আদালতকে বলেন, তার গ্রামের বাড়ি ও আসামি মামুনের গ্রামের বাড়ি একই উপজেলায়। তার গ্রামের নাম পূর্ব নেপালীপুর। মামুন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। মাদক ব্যবসায় মুরাদ মামুনকে সহযোগিতা করে থাকেন।
ঘটনার দিন মুরাদ ধর্ষিতা নারীর স্বামীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের ৩০৭ নম্বর রুমে আটকে রাখতে সহযোগিতা করেছিলেন। তিনি ধর্ষিতা ওই গাড়ির স্বামী চড় থাপ্পর মেরে মোবাইল কেড়ে নিয়ে আটকে রাখেন। ছাত্রলীগ নেতা মুস্তাফিজুর রহমান ও মামুনের কথা মতো মুরাদ নারীর স্বামীকে পাহারা দেন। তবে বাইরে কি ঘটেছিল তা তিনি জানতেন না।
মুরাদ আদালতকে আরো বলেন, ধর্ষণের বিষয়টি জানাযাটি হওয়ার পর ও থানায় মামলা হওয়ার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে নওগাঁ এলাকায় আত্মগোপনে থাকেন। সেখানে তিনি র‍্যাবের হাতে আটক হন।
গত ৭ ফেব্রুয়ারি মামুনকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এবং ধর্ষণের সহায়তাকারী মো: মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে গত ৪ ফেব্রুয়ারি সকালে পুলিশ মোস্তাফিজসহ চারজনকে গ্রেফতার করে। এর আগের মধ্যরাতে ওই নারীকে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার বিচার চেয়ে মিছিল সমাবেশ করে। ৪ ফেব্রুয়ারি সকালে ধর্ষণের অভিযোগে  আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com