
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ডুলহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ওই সেনা কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়।
টাঙ্গাইলের বাসিন্দা নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এর পর তিনি মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাত ৩টার দিকে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান।
আইএসপিআর জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে।