
শেরপুর : শেরপুরের সদর উপজেলার সাপমারী এলাকা ‘কে.আর সেভেন বাংলাদেশ লিমিটেড’ নামে একটি নকল সার কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ৪০০ বস্তায় ২০ টন নকল জিপসাম সার জব্দ করা হয়।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় কৃষি অফিসের যৌথ অভিযানে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় একটি ট্রাকে করে ৪০০ বস্তা জিপসাম সদৃশ রাসায়নিক সার এনে একটি গোডাউনে রাখা হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে ট্রাকের হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়। তবে অভিযানকালে গোডাউন মালিক রুবেল মিয়া পালিয়ে যায়।
শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বিষয়টি নিশ্চিত করে জানান, সেভেন কে.আর কোম্পানি’র সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও আটককৃত সারগুলোতে কোনো ট্রেডমার্ক বা নাম নেই। ল্যাব টেস্ট ছাড়া এগুলো আসল না নকল তা নিশ্চিত করা সম্ভব নয়। পাশাপাশি, প্যাকেটজাতকরণের পরিবেশও মানসম্পন্ন নয়। আমদানিকৃত সার ভারত থেকে আনা হয়েছে বলে দাবি করা হলেও তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।