1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সায়ান নামে আড়াই মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির বাবা শিমুল হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

শিশুটির মা হাসি বেগম ও দাদি পারভিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রবিবার (৯ মার্চ) বিকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশু সায়ানকে। সোমবার সকাল থেকে সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে তাঁদের সহযোগিতা করেন। দুপুরে ওই নারী তাদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের আধঘণ্টা পর শিশুটির হাসি বেগম টয়লেটে যাওয়ার কথা বললে ওই নারী জানান তিনিই সায়ানকে দেখে রাখবেন। তাঁর আশ্বাসে সায়ানকে রেখে টয়লেটে চলে যান মা হাসি বেগম ও দাদি পারভিন। প্রায় ১৫ মিনিট পরে ফিরে এসে তাঁরা আর সায়ানকে খুঁজে পাননি।

এদিকে শিশু চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন সায়ানের বাবা শিমুল হোসেনসহ চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনরা। শিশুটিকে দ্রুত ফিরে পেতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তাঁরা।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: রকিবুল আলম জানান, অভিযোগের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে সিসি টিভি ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তবে তাঁর পরিচয় ও সন্ধান পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা ওসি শহিদুর রহমান জানান, পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে। খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে চোর চক্রের সকলকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com