
আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ভয়াবহ আকারে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছে। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত আক্রমণে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে। শুধু গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলাতেই নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৮৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৭০০ জন।
আল জাজিরার খবরে বলা হয়, শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী একাধিক এলাকায় বোমাবর্ষণ করে। এসব হামলায় বহু নারী ও শিশুও নিহত হয়েছেন। হামাসের তরফ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া এক যোদ্ধার লাশ উদ্ধার করেছে, তবে বন্দির ভাগ্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও আক্রমণ জোরদারের নির্দেশ দিয়েছেন। হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবং সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ইসরায়েল আবার পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে।
এর আগে, আন্তর্জাতিক চাপে গত জানুয়ারিতে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রায় দুই মাস সাময়িক শান্তি বজায় থাকলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের ইসরায়েল বিমান হামলা শুরু করে। গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে মতানৈক্যই এই উত্তেজনার পুনঃসূচনা করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও ২১৯ জন আহত ফিলিস্তিনিকে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছেন, যাদের উদ্ধারে জরুরি সহায়তা প্রয়োজন। উদ্ধারকারীরা এখনও বহু জায়গায় পৌঁছাতে পারছেন না।
জাতিসংঘ বলছে, চলমান এই সংঘাতের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, পানি, ওষুধের অভাব ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি অবকাঠামোর প্রায় ৬০ শতাংশই ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গাজায় বর্তমানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।
বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজ গাজায় যুদ্ধ বন্ধ এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও ইসরায়েল এখনও যুদ্ধ জারি রাখার ঘোষণা দিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।