1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্সের সার বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছিল। বরাদ্দের তুলনায় সার নিতে আসা কৃষকের সংখ্যা বেশি হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে সার পাননি। একপর্যায়ে মজুত শেষ হয়ে গেলে উপস্থিত কৃষকদের বিষয়টি জানান উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। তারা পরিস্থিতি শান্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশকে মুঠোফোনে জানানো হয়েছে।’

তানিয়া তাবাসসুম আরও জানান, কৃষকদের বাড়তি সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজল্যুশনের মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছে। অতিরিক্ত সার পাওয়া গেলে চাহিদা বেশি এমন ইউনিয়নগুলোতে তা বণ্টন করা হবে।

কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার অগ্রিম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপপরিচালককে জানানো হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি তিনি মৌখিকভাবে জানতে পেরেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com