1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাজেয়াপ্ত হতে পারে আ.লীগের সম্পদ!

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫

রাজনীতি ডেস্ক: সন্ত্রাসবিরোধী আইনের ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার সাড়ে ৬ মাস পর মূল দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া শিগগিরই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অন্য সহযোগী সংগঠনগুলোও নিষিদ্ধ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ হলে দলটির অর্থ সম্পদ কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ করা হলে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর আলোকেই আওয়ামী লীগের সব সম্পদ সরকার চাইলে বাজেয়াপ্ত করতে পারবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ত্রাসবিরোধী আইনের আলোকেই কোনো দল বা সংগঠন নিষিদ্ধ করা হলে তাদের সব সম্পদ সরকারের বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। প্রয়োজনে আদালতের মাধ্যমেও এটি করতে পারবে। যে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে সেই আইনের তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত ধারা ২০ এ বলা হয়েছে ‘যদি কোনো ব্যক্তিকে ধারা ১৮-এর বিধান অনুসারে তালিকাভুক্ত করা হয় বা কোনো সত্তাকে নিষিদ্ধ করা হয়, তা হলে এই আইনে বর্ণিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ ছাড়াও সরকার, প্রযোজ্য ক্ষেত্রে, নিম্নবর্ণিত যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। যথা- উক্ত সত্তার কার্যালয় থাকলে বন্ধ করে দেবে, ব্যাংক এবং অন্যান্য হিসাব যদি থাকে, অবরুদ্ধ করবে এবং সব সম্পত্তি জব্দ বা আটক করবে। সব ধরনের প্রচারপত্র, পোস্টার, ব্যানার অথবা মুদ্রিত, ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করবে এবং নিষিদ্ধ সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনো প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা, সংবাদ সম্মেলন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে। নিষিদ্ধ সত্তা উহার আয় ও ব্যয়ের হিসাব এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক মনোনীত উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দাখিল করবে এবং আয়ের সব উৎস প্রকাশ করবে। আইনের ধারা ২০ (৩) এ বলা হয়েছে যদি প্রতীয়মান হয় যে, তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সংগঠনের সম্পত্তি অবৈধভাবে অর্জিত হয়েছে অথবা এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়েছে, তা হলে উক্ত সম্পত্তি আদালত কর্তৃক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’
সম্প্রতি আওয়ামী লীগের ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৭ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৬১০ টাকা। দুদকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় দলের একটি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৮ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৬৭৪ টাকা। এ ছাড়া বেসরকারি একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় দলের তিনটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ২০ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৬৭০ টাকা। এর বাইরে আওয়ামী লীগের আরও চারটি ব্যাংক হিসাবের মধ্যে একটি বেসরকারি ব্যাংকে জমা থাকা অর্থের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫৬০ টাকা। অন্য তিনটি ব্যাংক হিসেবে জমা হওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৪ লাখ ২৭ হাজার ২২৭ টাকা।
এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনি তহবিল-২০০৮ নামে দুটি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে একটি ব্যাংক হিসাবে ২ কোটি ৭১ লাখ ১৫ হাজার ৯১৯ টাকা এবং আরেকটি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৫৬০ টাকা। সবমিলিয়ে আওয়ামী লীগের ১০টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৭ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৬১০ টাকা।
অন্যদিকে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ১৫টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৪০ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ১৩৬ টাকা। অর্থাৎ দলটির ব্যাংক হিসেবে ৭৮ কোটি ৬৬ লাখ টাকার কিছু বেশি অর্থ জমা রয়েছে।
এ ছাড়া ঢাকায় ১০ তলা ভবনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ১০ তলা ভবনটির নির্মাণকাজ শুরু করা হয়েছিল। কাজ শেষ হয়েছিল ২০১৮ সালে। ভবনের তৃতীয় তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট এবং চতুর্থ তলা থেকে প্রতিটি ফ্লোর ৩ হাজার ১০০ বর্গফুটের।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পর রোববার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এই সংশোধনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে।
এতে বলা হয়, এই আইন বা প্রযোজ্য অন্যান্য আইনে যা কিছুই থাকুক না কেন, যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় যেকোনো সংগঠন এই আইনের ৩ ধারা উপধারা (২)-এর অধীন কোনো অপরাধ সংঘটন করেছে, আদেশ দিয়েছে, চেষ্টা করেছে, সহায়তা করেছে, উসকানি দিয়েছে, মদদ দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহযোগিতা করেছে অথবা অন্য যেকোনোভাবে সেই অপরাধ সংঘটনে সহায়তা করেছে, তবে ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে সংগঠনটির কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করার, সংগঠনের নিষিদ্ধ ঘোষণার, এর নিবন্ধন বা লাইসেন্স স্থগিত অথবা বাতিল করার এবং এর সম্পত্তি জব্দ করার। আইনে সংগঠন শব্দটির সংজ্ঞায়নও করা হয়েছে। এই আইনের আওতায় সংগঠন বলতে যেকোনো রাজনৈতিক দলকেও বোঝাবে। পাশাপাশি দলের অধীনস্থ, সম্পর্কিত বা সংশ্লিষ্ট কোনো সংগঠন অথবা গোষ্ঠীকে বোঝাবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনেও সংগঠনকে নিষিদ্ধ করার বা সংগঠনের বিরুদ্ধে শাস্তি নেওয়ার বিধান আছে। তারপরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি আন্তর্জাতিক মানের আইন বা ট্রাইব্যুনালে সংগঠন বা ব্যক্তির বিচার হলে তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ২৩ অক্টোবর ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এখন বিচার শেষ না হওয়া পর্যন্ত একই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ থাকবে। তবে দলটির নিবন্ধনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে সেখানে ব্যক্তির পাশাপাশি সংগঠনের বিচারের সুযোগও রাখা হয়েছিল। কিন্তু সংগঠনের সাজা কী, সেটি উল্লেখ করা ছিল না। একাত্তরের ভূমিকার জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করতে সে সময় আইনটি আবারও সংশোধন করবে বলে জানিয়েছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু এক দশক ঝুলিয়ে রেখেও আওয়ামী লীগ সরকার তা করেনি। এখন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেই সংশোধনী এনে দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারের পথ তৈরি করল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com