
সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : বিদ্যালয়ের ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিভে গেলো সপ্তম শ্রেণির কিশোরী শিক্ষার্থী সাথী আক্তার আলো’র জীবন প্রদীপ। সাথী আক্তার আলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উলফাতুন নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
আত্মহত্যা চেষ্টার ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটো) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ জুলাই) তার মৃত্যু হয়। সাথী আক্তার আলো’র বড় ভগ্নিপতি ওয়াসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকার বাবু মিয়ার মেয়ে। গত ২১ জুলাই সোমবার বিদ্যালয় ভবনের ছয়তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়। ওই ঘটনায় আলো’র চাচা মুরাদ হোসেন বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের মুখে গত ২৩ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে অপসারণ করা হয়।
পরিবার ও সহপাঠীদের অভিযোগ, প্রায় তিন মাস আগে একটি কুইজ প্রতিযোগিতার পর আলো ও তার সহপাঠীরা মসজিদে নূর ঘুরতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তাদের শাসন করেন। এরপর থেকেই তিনি আলোকে বারবার অভিভাবক নিয়ে আসার জন্য চাপ দিতেন এবং স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। ঘটনার দিনও ক্লাসে সবার সামনে তাকে তীরস্কার করা হয়। এরপর সাথী প্রথমে নিজের হাত কেটে এবং পরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বকশীগঞ্জ সদর হাসপাতাল ও পরে অবস্থার ঢাকায় নিটোতে ভর্তি করা হয়। অবশেষে মঙ্গলবার সে মারা যায়।