
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৯ জন। ধসে পড়েছে এক ডজনের বেশি ভবন।
রোববার (১০ আগস্ট) সকালে স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায়। এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের সময় বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। সিনদিরগি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, সিনদিরগিতে অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে। তবে বেশিরভাগই পুরনো ও পরিত্যক্ত ছিল। দুটি মসজিদের মিনারও ধ্বসে পড়ে।
ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় একজন বৃদ্ধাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। এছাড়া আহত ২৯ জনের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং তিনি নিজে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্কে আগেও বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫৩ হাজার মানুষ প্রাণ হারায়। পাশের দেশ সিরিয়াতেও মারা যায় আরও ৬ হাজার মানুষ।
চলতি বছরের জুলাইয়ের শুরুতেও একই এলাকায় ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনায় একজন মারা যান, আহত হন আরও ৬৯ জন।
দেশটির ভূকম্পন বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের ভৌগলিক অবস্থান এমন যে, এখানে মাঝেমধ্যেই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। এজন্য ভবন নির্মাণে আরও সতর্কতা ও প্রস্তুতি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
সর্বশেষ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত রেখেছে।