
বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান রাজার মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলি বলেন, “অধিকার আদায়ের জন্য হাতে অস্ত্র তুলে নেওয়া সন্ত্রাসী কার্যকলাপ নয়, এটা নিজেদের অধিকার আদায়ের লড়াই।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এ গণসমাবেশে বান্দরবানের সাত উপজেলার হাজারো পাহাড়ি নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। সমাবেশের এবারের স্লোগান ছিল- “জুম্মস্বার্থ পরিপন্থি ও পার্বত্য চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন।”
গণসমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক দিকসহ প্রায় দুই-তৃতীয়াংশ ধারা এখনো বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভূমি কমিশনের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর বেদখল হওয়া জমি ফেরত দেয়ার উদ্দেশ্যে বিধিমালা প্রণয়ন করা হলেও তা বাস্তবে কার্যকর করা হয়নি।
বক্তারা আরও বলেন, ‘অপারেশন উত্তরণ’ এর নামে দীর্ঘ বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠীকে ‘পাহাড়ি সন্ত্রাসী’ তকমা দিয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন করলেও তাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
গণসমাবেশে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্য মিউচিং মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি স্বতন্ত্র পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে করা চুক্তিতে তাদের সাংস্কৃতিক ও নিজস্ব অধিকার রক্ষার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু চুক্তির ৭২টি ধারার মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র ৩২টি। বাকি ধারাগুলো এখনো বাস্তবায়ন হয়নি।
প্রধান অতিথি উ উইন মং জলি বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট কোনো সামরিক সমস্যা নয়, এটি একটি রাজনৈতিক সমস্যা। আর রাজনৈতিক সমস্যার সমাধানও রাজনৈতিকভাবেই করতে হবে। পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশ সংবিধানের অংশ হয়ে সম্মানের সঙ্গে বাঁচতে চায়। কিন্তু যারা সংবিধানের অংশ হতে চায়, তাদেরই বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে- যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, পাহাড়িরা দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক পথেই নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করে এসেছে। কিন্তু যদি সেই পথ রুদ্ধ করা হয়, তবে বাধ্য হয়েই বিকল্প পথ বেছে নিতে হবে। আর সেই বিকল্প পথ কারোর জন্যই শুভ হবে না।
উ উইন মং জলি বলেন, “আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু প্রশিক্ষণ জমা দিইনি। প্রয়োজনে আবারও অস্ত্র ধরতে বাধ্য হব, আমাদের ইতিহাসে এর নজির আছে।”
চুক্তি বাস্তবায়ন নিয়ে তিনি অভিযোগ করেন, শাসকগোষ্ঠী শুরু থেকেই নানাভাবে ষড়যন্ত্র করে আসছে এবং চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না করে পাহাড়ি জনগোষ্ঠীকে আরও বেশি প্রান্তিক করে তোলার চেষ্টা চলছে। গত ২৮ বছরে পাহাড়িরা সংখ্যালঘু থেকে আরও সংখ্যালঘুতে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, চুক্তির মৌলিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মার্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের বান্দরবান জেলার সভাপতি উলিসিং মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসম্পাদক সিংওয়াই মং মার্মা, সিএইটি হেডম্যান নেটওয়ার্ক কমিটির আইন বিষয়ক সম্পাদক মংনু মার্মা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলার সদস্য থুইমংপ্রু প্রমুখ।
সভা শেষে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অন্যদিকে, বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও জেলা পরিষদের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।