1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মব ভায়োলেন্স বলতে কিছু নেই, পুলিশের ভেতর কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ‘মব ভায়োলেন্স বলতে কিছু নেই’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন, ‘আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে পুলিশের ভেতর মব ভীতি কাজ করছে কি না?

এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে পাশে ডেকে এনে সাংবাদিকদের দেখিয়ে বলেছেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে?’ তিনি আরও বলেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করতেছে না।’

আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র্র উপদেষ্টা বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’একটা কেন্দ্র যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দিবে। তাদের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে।’

অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, ‘আমি বারবারই বলছি। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, উৎসবমুখর হবে, পিসফুলই হবে।’

নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনাই নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর ১ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের ৪ হাজার, পুলিশের ১ লাখ ৫০ হাজার, র‌্যাবের ৯ হাজার এবং আনসারের ৫ লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।’

এর আগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. জিললুর রহমানসহ বিভাগের ৮ জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসক, আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা; উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সব থানার ওসিরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com