1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

শেরপুর : কবিসংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, কবি ও গীতিকার রফিকুল ইসলাম আধারের একুশে বইমেলায় প্রকাশিত ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট কাকন রেজা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক ড. সুধাময় দাস।

ওইসময় তিনি বলেন, রফিকুল ইসলাম আধার নব্বই দশক থেকে লেখালেখির সাথে যুক্ত একজন শক্তিমান কবি। তার সদ্য প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের কবিতাগুলোতে আমাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গই রয়েছে। রয়েছে প্রেম, প্রকৃতি, বিরহের বার্তা, সুখ, দুঃখ ও আশার পাশাপাশি বিদ্রোহও। সমাজ জীবনে ব্যবহৃত কিছু হারিয়ে যাওয়া শব্দও তার কবিতায় উঠে এসেছে। তার নানামুখী চোখ দিয়ে তিনি অনেক কিছু দেখেছেন, প্রকৃতিকে দেখেছেন। দেখতে দেখতে ঘুরেফিরে সবগুলোই তার কবিতার মধ্যে উপস্থিত করেছেন। এটাই মুন্সিয়ানা। আমি তার কবিতায় মুন্সিয়ানাই দেখতে পেয়েছি। শক্তিমান কবিতার যে বৈশিষ্ট্য সেসব তার কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে।

পরে নিজের প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের উপর অনুভ‚তি ব্যক্ত করেন কবি রফিকুল ইসলাম আধার। তিনি বলেন, এ অঞ্চলের সাহিত্যকে এগিয়ে নিতে কাজ করেছেন তার সাহিত্য ও সাংবাদিকতার চারণক্ষেত্র সাপ্তাহিক শেরপুর-এর প্রয়াত সম্পাদক কবি আব্দুর রেজ্জাকের পাশাপাশি সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক কবি মুহাম্মদ আবু বকর ও কবিসংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি তালাত মাহমুদ। তিনি তাদের অনুসৃত পথ ধরেই এ অঞ্চলের পিছিয়ে পড়া সাহিত্যকে এগিয়ে নিতে কাজ করছেন।

কবিসংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দুটি কাব্যগ্রন্থ নিয়ে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কবি অধ্যাপক মোস্তফা জিন্নাহ, কবি আরিফ হাসান, কবি জ্যোতি পোদ্দার, কবি অধ্যক্ষ আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হক, কবি ও গবেষক ড. বিভুতিভ‚ষণ মিত্র, কবি আশরাফ আলী চারু প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও কবিগণ আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। এসময় জেলার অর্ধশতাধিক কবি-সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা ধরে চলমান অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত সাহিত্যানুষ্ঠানে পরিণত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com