
ব্রাহ্মণবাড়িয়া : সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপি এলাকায় অভিযান চালায় একটি টহল দল। এ সময় ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় আরেকটি অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব চশমার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা। দুই অভিযানে মোট ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।