
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্কের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারকৃত নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। একই সঙ্গে মরদেহসহ ট্রাঙ্ক বহনকারী পিকআপভ্যান এবং এর চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পিবিআই জামালপুর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) পিবিআই জামালপুর জেলার একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের পরিচয় শনাক্ত করে। ভিকটিম ডলি আক্তার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আলাল মিয়ার কন্যা। ডলি আক্তার তার স্বামী বিল্লালের সঙ্গে গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পিবিআই জামালপুর সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড় এলাকায় একটি পিকআপ থেকে পাকা রাস্তার পাশে একটি ট্রাঙ্ক ফেলে যাওয়া হয়। পরে সেখান থেকে দুর্গন্ধ বেরুলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ট্রাঙ্ক খুলে ঘটনাস্থল থেকে তোশকে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) পিবিআই জামালপুর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে। একই দিন ওই নারীর ভাই শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পিবিআই জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এসআই সামিউল ইসলাম শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রাঙ্ক বহনকারী ওই পিকআপভ্যান শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে জব্দ করে। একই সঙ্গে ওই পিকআপ ভ্যানের চালক আশরাফ আলীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই সামিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতার এবং ঘটনা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।