
বাংলার কাগজ ডেস্ক : ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ডে নির্বাচিত শিক্ষার্থীদের ফল একযোগে প্রকাশিত হবে।
এর আগে,মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
বোর্ড সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী।
প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। এজন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
যেভাবে ফল দেখা যাবে
অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি ফলাফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে (https://xiclassadmission.gov.bd/) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে। ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।