
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সরকারি সেবা সহজীকরণ ও নাগরিকদের দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে শেরপুরে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ‘মাইগভ (myGov)’ ডিজিটাল প্ল্যাটফর্মবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সরকারি সেবা সহজীকরণ, মাইগভ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা দেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তাদের ডিজিটাল সেবা ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে। পাশাপাশি সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে মাইগভ প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে।