
শ্রীবরদী (শেরপুর) : নিখোঁজের একদিন পর শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় কালু মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার কমল উদ্দিনের ছেলে বাদশা মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টম্বর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার জনৈক হাশেম হাজির পুকুর থেরকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালীবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে হাশেম হাজির পুকুরে ভাসমান অবস্থায় কালু মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এস মরদেহ উদ্ধার করে।
কালু মিয়ার বাবা মন্টু মিয়া জানান, রোববার সকালে মাছ ধরার জন্য কালু বাদশা মিয়ার সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।