
বাংলার কাগজ ডেস্ক: বিএনপির কোনো নেতা মাদক কারবারিকে প্রশ্রয় দিলে বা মাদকের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতা যদি মাদক কারবারিকে প্রশ্রয় দেন বা তার মাধ্যমে কোনো টাকা-পয়সা কামাতে যান, আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, আমার থেকে খারাপ ব্যক্তি কেউ হবে না। যারা মাদকের সঙ্গে আছে, তাদের বিএনপি করার কোনো যোগ্যতাই নেই।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় একেএম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম আবু তাহেরের ২২তম মৃত্যুবার্ষিকীর দিনেই তার নামে হাসপাতালটির উদ্বোধন করা হয়।
মন্ত্রী বলেন, নেশা উঠলে মানুষ পশু হয়ে যায়। দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখতে হলে মাদক কারবারিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। দেশের অধিকাংশ চুরি, ছিনতাইসহ নানা অন্যায়ের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে।
হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় ২২ বছর অপেক্ষার পর তার বাবার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। প্রয়াত এ কে এম আবু তাহের এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা চিন্তা করে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। মানুষের সবচেয়ে বড় দরকার চিকিৎসা। মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থ হওয়ার জন্য বাড়িঘর, জমিজমা পর্যন্ত বিক্রি করে দেয়। তখনই আমার বাবা চিন্তা করেছিলেন, এই এলাকার মানুষের জন্য কী করা যায়। সেই চিন্তা থেকেই এই হাসপাতালের জন্ম।
তিনি বলেন, আমার বাবা এই জমি দিয়ে গেছেন। কিন্তু বিগত সরকার হাসপাতালের কাজ শেষ করতে দেয়নি। এটা আপনাদের হাসপাতাল। দেখভাল আপনারাই করবেন। অবহেলিত এই জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে নামমাত্র খরচে চিকিৎসাসেবা পাওয়া যাবে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর আশাবাদও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি ও ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।