
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনি সীমান্ত এলাকায় চোরাইপথে পাচারের সময় স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবির তাওয়াকুচা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, গজনি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে বিপুল পরিমাণ প্রসাধনী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলি এবং বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে বিজিবি জানিয়েছে।
ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।