
পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীর শীর্ষ সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে লাল ভাইকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কালিকাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল ইসলাম ওরফে লাল ভাই ওই গ্রামের মৃত হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, জাহেদুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আটোয়ারী থানায় একাধিক মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে জাহেদুলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।