
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি কিডনি ও হৃদ্রোগজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামে। তিনি মরহুম সিদ্দিক ডিলারের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ১০টায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি সদরবিট, ডুমুরতলা, রাংটিয়ার গজনি ও মধুটিলার বাতকুচিসহ বিভিন্ন বিটে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সহকারী বন সংরক্ষকের কার্যালয়, শেরপুর এবং সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রকৃতি ও বৃক্ষপ্রেমী হিসেবে তিনি পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমসহ বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।