
সিরাজগঞ্জ : রুমে পরিপাটি খাট, দুপাশে আছে একটি চেয়ার, টেবিল ও আলমিরা (আলনা)। প্রথম দেখায় পরিপাটি কোনো আবাসিক হোটেলের কক্ষ মনে হলেও মূলত সেটি ক্লাসরুম। শুনতে অবাক মনে হলেও সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিক্ষককে এভাবেই বেডরুম বানিয়েছেন খোদ কলেজেটির অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে কলেজের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় ওই কক্ষে গিয়ে দেখা যায়, কক্ষে অবস্থান করছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। কক্ষে রয়েছে একটি ঘুমানোর খাট, তোষক, বালিশ ও বেডশিট। রয়েছে পোশাক রাখার আলনা, রিচার্জেবল টেবিল ফ্যান ও চেয়ার টেবিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজটির এক শিক্ষক বলেন, ২০২৫ সালের এপ্রিলে তিনি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। এরপর সেই রুমেই থাকছেন। আগে ওইটা শ্রেণিকক্ষ ছিল। সেখানে রুমভর্তি বেঞ্চ ছিল। অনেক সময় পরীক্ষা হতো। অধ্যক্ষ তো সরকারি বেতনের সঙ্গে বাড়ি ভাড়ার টাকা পাচ্ছেন। তারপরও তিনি নিয়মবহির্ভূতভাবে শ্রেণিকক্ষে থাকছেন। তাছাড়া কলেজের পাশে কলেজের জায়গায় অধ্যক্ষের কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারটি কিছুটা সংস্কার করলেই থাকা যেত।
এদিকে সোমবার সকালে কলেজটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রুমেই অবস্থান করছেন অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম। এসময় ক্লাসরুমকে বেডরুম বানানোর প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘রুমটি গেস্টদের জন্য তৈরি করা হয়েছে। আমি মাঝেমধ্যে একটু থাকি। আশেপাশে ভালো ভাড়া বাসা না পাওয়ায় আমাকে এখানেই থাকতে হয়। তাছাড়া আমার ফ্যামিলি বগুড়ায় থাকায় সেখান থেকে যাতায়াত করি।’
এ ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক নাজমুল হক জানান, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজে শ্রেণিকক্ষে অধ্যক্ষের নিজের বেডরুম বানানোর বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আমার হোয়াটস্ অ্যাপে পাঠান। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।