
বাংলার কাগজ ডেস্ক: দাউদাউ করে জ্বলছিল আগুন। কিন্তু সরু গলি আর ভবনঘেঁষে বিদ্যুতের খুঁটি কিংবা চারপাশে জট পাকানো তার থাকায় আগুন নেভাতে রীতিমতো বাধার মুখে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুনের উৎসে পানি পৌঁছাতে এমনই হিমশিম খেতে হয়েছিল তাদের।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এদিন বিকেল ৫টার পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার কর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, এ এলাকার সড়ক অনেকটা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে। পাশের ভবনটি লাগোয়া থাকায় ততক্ষণে আগুনের লেলিহান শিখা বাইরে ছড়িয়ে পড়ে। এমনকি বৈদ্যুতিক-ওয়াইফাই তারসহ হিজিবিজি হওয়ায় আগুনের উৎসে পানি পৌঁছাতেও দেরি হয়। এছাড়া ঘটনাস্থলে উৎসুক জনতাদেরও ভিড় ছিল।
তারা জানান, আগুন লাগার পর আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর পাশের ভবনের ছাদে আশ্রয় নেন এখানে থাকা কর্মরতরা। এরই মধ্যে তাদের উদ্ধার করা হয়েছে।
মার্কেটে কর্মরত একজন জানান, এ মার্কেটে চায়ের দোকান রয়েছে। কর্মচারী বা ব্যবসায়ীরা যেন চা পান বা ধূমপান করতে পারেন, এমন দোকান রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন এই কর্মচারী। তবে এখানে ব্যাগ ও ছাতা সবচেয়ে বেশি বেচাকেনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার খবর পাওয়া যায়নি।