
নালিতাবাড়ী (শেরপুর) : নিয়ম উপেক্ষা করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে শেরপুরের নালিতাবাড়ীতে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে জব্দ করা সার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরিবেশক মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এসব সার আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।