
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলার ওপর একটি মহড়া অনুষ্ঠিত হয়।