
ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর টহল দল হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি ও ধোবাউড়া উপজেলার আঠারোবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।