
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
জানা যায়, খন্দকার আব্দুল আলীমের নেতৃত্বে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নালিতাবাড়ীতে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে কলসপাড় ইউনিয়নে শতভাগ স্যানিটেশন কভারেজ অর্জনে ভূমিকা রাখা, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাঈম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।