
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল হক ও শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক হারুনুর রশিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব নিরসন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে যুবকদের দক্ষতা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।
পরে যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ করা হয়। বক্তারা বলেন, যুব ঋণ তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।
দক্ষ, আত্মপ্রত্যয়ী ও কর্মমুখী যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।