
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালিয়ে চোরাকারবারিদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মোবাইল ডিসপ্লের চালানটি জব্দ করে। জব্দ করা এসব ডিসপ্লের সিজার মূল্য ১২ লাখ টাকা।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।